বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক গভীর করতে চায় কানাডা


বাংলাদেশ ও কানাডার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্বারোপ করা হয়েছে। বুধবার (১২ আগস্ট, ২০২৬) কানাডার হাইকমিশনার অজিত সিং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা করেন।
বৈঠকে দুই দেশের পাঁচ দশকেরও বেশি সময়ের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। কানাডার পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের উন্নয়নে গত কয়েক দশকে দেশটি ৬ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সহায়তা দিয়েছে। এর মধ্যে ২০১৭ সাল থেকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি সহায়তা রয়েছে।
বৈঠকে বাংলাদেশ-কানাডা দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ২০২৫ সালে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৪ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে উল্লেখ করে উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগের পরিধি আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করে।
আলোচনায় কৃষি, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি), বেসামরিক বিমান চলাচল, নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া প্রতারণা প্রতিরোধ, অনিয়মিত অভিবাসন রোধ এবং বৈধ অভিবাসনের সুযোগ সম্প্রসারণসহ অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান খুঁজে বের করার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়।
কানাডার হাইকমিশনার অজিত সিং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে পুনরায় অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি তাঁর মেয়াদকালে জাতিসংঘের সংস্কার এগিয়ে নেওয়া এবং বিশ্বের মানুষের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়তে কানাডার ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সমৃদ্ধির জন্য বিদ্যমান অংশীদারিত্বকে আরও কার্যকর ও বহুমুখী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।











