পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় সব অংশীজনকে একসঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির


দেশের পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসহ সংশ্লিষ্ট সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)-এর সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, দেশের ক্রমবর্ধমান অর্থনীতিকে সচল রাখতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন, যাতে সংশ্লিষ্ট সব পক্ষ সমানভাবে উপকৃত হতে পারে। অর্থনীতি শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিতে বর্তমান সরকার অর্থ, শিল্প ও ব্যবসাবান্ধব নীতি গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।
রাষ্ট্রপতি বলেন, বিকাশমান অর্থনীতিতে শিল্প ও বাণিজ্য খাতকে টিকে থাকার জন্য প্রয়োজনীয় সুরক্ষা দিতে হবে। এ সময় দেশে বিনিয়োগ বাড়াতে ব্যাংক ঋণের সুদের হার কমানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জ্বালানি সংকট মোকাবিলায় শিল্প মালিকদের সৌরবিদ্যুৎসহ বিকল্প জ্বালানি ব্যবস্থার দিকে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, দেশের ক্রমবর্ধমান অর্থনীতিকে সচল রাখতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে।
দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে পোশাক ও নিটওয়্যার শিল্পের গুরুত্বপূর্ণ অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে রাষ্ট্রপতি এ খাতের উদ্যোক্তা ও রপ্তানিকারকদের ধন্যবাদ জানান।
রাষ্ট্রপতি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, দেশের যেকোনো সমস্যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বিকেএমইএ প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।











