মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাট


রাজধানীর মিরপুর-১ এলাকার ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে’ হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) শাহ আলী থানায় মামলাটি দায়ের করা হয়।
ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, এর আগে বৃহস্পতিবার রাতে দেশীয় অস্ত্রে সজ্জিত অন্তত আড়াইশ’ জনের একটি দল রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালায়। তারা কেন্দ্রটির নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।
হামলায় কেন্দ্রটির বিভিন্ন সরঞ্জাম ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্লিনিক কর্তৃপক্ষের হিসাবে, এতে আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার পর থেকে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ রয়েছে। এতে কেন্দ্রটিতে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিতে আসা সাধারণ মানুষও ভোগান্তিতে পড়েছেন।
মামলার পর হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে।











