প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন অস্ট্রেলিয়ার Deputy Chief of Army


বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর Deputy Chief of Army মেজর জেনারেল ক্রিস স্মিথ, ডিএসসি, এএম, সিএসসি (Major General Chris Smith, DSC, AM, CSC)।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। এ সময় দুই দেশের স্থলবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক প্রশিক্ষণ কর্মসূচি, প্রযুক্তিগত সহযোগিতা এবং কৌশলগত যোগাযোগ জোরদারের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন উভয় পক্ষ।
আধুনিক যুদ্ধক্ষেত্রের পরিবর্তিত চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চতর সামরিক প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে অস্ট্রেলিয়ার Deputy Chief of Army জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও গৌরবোজ্জ্বল অবদানের প্রশংসা করেন। বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় শান্তিরক্ষীদের উন্নত প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে দুই দেশের অংশীদারিত্ব আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন তিনি।
প্রতিরক্ষা উপদেষ্টা বিগত বছরগুলোতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সামরিক সহযোগিতার ইতিবাচক অগ্রগতির জন্য মেজর জেনারেল ক্রিস স্মিথকে আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি আশা প্রকাশ করেন, অস্ট্রেলিয়ার Deputy Chief of Army-এর এই সফরের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ও অস্ট্রেলিয়ার সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক ও সহযোগিতা আগামী দিনে আরও নিবিড়, গতিশীল ও সুদৃঢ় হবে।











