April 19, 2026

শিরোনাম
  • Home
  • রাজধানী
  • ৩০০ ফিট থেকে বনশ্রী পর্যন্ত বাইপাস নির্মাণে সাইট পরিদর্শন করলেন ডিএনসিসি প্রশাসক

৩০০ ফিট থেকে বনশ্রী পর্যন্ত বাইপাস নির্মাণে সাইট পরিদর্শন করলেন ডিএনসিসি প্রশাসক

Image

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর ৩০০ ফিট সড়ক থেকে বনশ্রী পর্যন্ত প্রস্তাবিত বাইপাস সড়ক নির্মাণের লক্ষ্যে সরেজমিনে সাইট পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. জিয়া এবং স্বদেশ প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক ড. এম. এ. কাইয়ুম।

ঢাকা-১১ আসনের বাসিন্দারা দীর্ঘদিন ধরে প্রগতি সরণির তীব্র যানজট নিয়ে ভোগান্তির কথা জানিয়ে আসছেন। সংশ্লিষ্টরা জানান, প্রায় ১৩০ ফুট প্রশস্ত এই বাইপাস সড়কটি নির্মিত হলে প্রগতি সরণির ওপর যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

তবে প্রকল্পটি বাস্তবায়নে দুটি খালের ওপর সেতু নির্মাণ একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে। এছাড়া প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করে স্থায়ী সড়ক নির্মাণে কিছুটা সময় লাগবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে, স্থায়ী সড়ক নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত জনসাধারণের চলাচল সহজ করতে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বদেশ প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক ড. এম. এ. কাইয়ুম জানান, তাদের সানভ্যালি প্রকল্পের ভেতরের সড়কটি চলাচলের উপযোগী করে সাময়িকভাবে বিকল্প পথ হিসেবে চালু রাখা হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, বাইপাস সড়কটি নির্মিত হলে রাজধানীর এই গুরুত্বপূর্ণ এলাকায় যানজট কমে আসবে এবং নগরবাসীর দৈনন্দিন যাতায়াত আরও স্বস্তিদায়ক হবে।

Scroll to Top