April 16, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • ১৭ এপ্রিল হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৭ এপ্রিল হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Image

ডেস্ক রিপোর্টঃ

সৌদি সরকার ঘোষিত হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুসারে আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। ১৭ এপ্রিল রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ বছর বাংলাদেশ থেকে হজের উদ্বোধনী ফ্লাইটটি ১৮ এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে।

এ দিন মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে ৬টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ৪টি সৌদি আরবের সাউদিয়া এবং ৪টি ফ্লাইনাস পরিচালনা করবে।

২০২৬ সালে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজে যাবেন।

সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত হজ চুক্তি অনুযায়ী মোট হজযাত্রীর ৫০ শতাংশ পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকি ৫০ শতাংশের মধ্যে সৌদি আরবের সাউদিয়া ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস ১৫ শতাংশ হজযাত্রী পরিবহন করবে।

প্রি-হজ ফ্লাইটের সংখ্যা মোট ২০৭টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে ১০২টি, সাউদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট। আগামী ২১ মে প্রি-হজ ফ্লাইট শেষ হবে।

চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে ২০২৬ পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং তা ১ জুলাই শেষ হবে।

Scroll to Top