আজ সোমবার (১ ডিসেম্বর ২০২৫) আগারগাঁও ন্যাশনাল আর্কাইভ মিলনায়তনে অনুষ্ঠিত হয় DESH Townhall-এর আলোচনা সভা, যার শিরোনাম ছিল “বাংলাদেশের ভবিষ্যৎ”। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সেশনটি পরিচালনা করেন Ahmed Ehsan Kabir Shaan এবং Tausif Akib Khan।

আলোচনা সভায় রিজভী আহম্মেদ তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, তরুণদের জন্য স্বাধীনতার গল্প, যুদ্ধের ইতিহাস ও বীরদের ভূমিকা জানা অত্যন্ত প্রয়োজন। তিনি উল্লেখ করেন, “যে জাতি তার ভবিষ্যৎ প্রজন্মকে স্বাধীনতার গল্প শোনাতে পারে না, সেই জাতি আত্মনির্ভরশীল হতে পারে না। সত্য ইতিহাস জানলে তরুণদের মধ্যেও সত্যের প্রতি অনুরাগ জন্মায়।”
সংবিধানের ধারাবাহিকতা বজায় রাখার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, “সংবিধান একটি জাতির আত্মজীবনী। সময়ের প্রয়োজনে এর সংশোধন ও পরিবর্তন হতেই পারে, তবে মূল ধারাবাহিকতা রক্ষা করা জরুরি। স্বাধীনতার পর থেকে কোন সময়ে কোন আইন হয়েছে, কেন সংশোধন হয়েছে—এগুলো ভবিষ্যৎ নেতৃত্বের জানার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

নারীর কর্মক্ষেত্রে ভূমিকা প্রসঙ্গে রিজভী বলেন, “নারীরা অনেক ক্ষেত্রেই পুরুষের চেয়ে বেশি দায়িত্বশীলভাবে কাজ করেন। তাহলে কেন তাদের কর্মঘণ্টা কমিয়ে সীমাবদ্ধ করা হবে? নারীরা সেটি চান না; তারা তাদের দক্ষতা আরও বাড়াতে চান।”
সভায় তরুণদের অংশগ্রহণ, গণতন্ত্রের চর্চা, সমতার পরিবেশ ও রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হয়।











