ডেস্ক রিপোর্টঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের জনগণের সকল প্রত্যাশা পূরণে বর্তমান সরকার বদ্ধপরিকর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর দর্শণ ও আদর্শে অনুপ্রাণিত হয়ে সরকার রাষ্ট্র পরিচালনা করছে এবং নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করাই সরকারের প্রধান লক্ষ্য।

রোববার (৩১ মে, ২০২৬) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

তারেক রহমান বলেন, সামনে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জপূর্ণ সময় অপেক্ষা করছে। তিনি নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে বলেন, এই সময়কে অবহেলা করলে ব্যক্তিগত নয়, বরং দেশের এবং ভবিষ্যৎ প্রজন্মের অপূরণীয় ক্ষতি হতে পারে। শহীদ জিয়ার স্বপ্ন ও আদর্শ অনুসরণ করে দেশ পরিচালনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সরকারের সফলতা নিশ্চিত করতে দলীয় নেতা-কর্মীদের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের প্রতিটি ইতিবাচক উদ্যোগ বাস্তবায়নে সঠিকভাবে সহযোগিতা করতে হবে। সরকার তখনই সফল হবে, যখন দলের প্রতিটি কর্মী ও সমর্থক দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
সামাজিক অবক্ষয় রোধে পারিবারিক শিক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, দেশে ফিরে তার মনে হয়েছে পারিবারিক শিক্ষার কিছুটা ঘাটতি তৈরি হয়েছে। সামাজিক ও পারিবারিক মূল্যবোধ জোরদারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে তারেক রহমান বলেন, একসময় বিশ্বে বাংলাদেশকে জিয়াউর রহমানের মাধ্যমেই অনেকেই চিনত। একজন সন্তান হিসেবে এটি তার জন্য গর্বের বিষয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু-র সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের কেন্দ্রীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
এছাড়া অনুষ্ঠানে অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-এর চেয়ারম্যান মামুন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়-এর উপ-উপাচার্য ড. মো. লুৎফর রহমান এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-এর উপ-উপাচার্য দিল রওশন জিন্নাত আরা নাজনীন শহীদ জিয়াউর রহমানের জীবন, কর্ম ও রাষ্ট্রীয় অবদান নিয়ে আলোচনা করেন।











