ডেস্ক রিপোর্টঃ
রাজধানী ঢাকার মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে গ্রাহকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন গ্রাহক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (১ জুন, ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’–এর ব্যানারে ফেস্টুন ও ব্যানার নিয়ে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন গ্রাহকরা। তারা নতুন চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে আন্দোলনকারীদের সরিয়ে দিতে পুলিশ এগিয়ে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
আন্দোলনকারীদের দাবি, সদ্য নিয়োগ পাওয়া চেয়ারম্যান মো. খুরশীদ আলম বিতর্কিত এস আলম গ্রুপের ঘনিষ্ঠ ব্যক্তি। তার নিয়োগের মাধ্যমে ব্যাংকে আবারও অনিয়ম ও লুটপাটের আশঙ্কা করছেন সাধারণ আমানতকারীরা। এর বিরুদ্ধে আজ সোমবার বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন সাধারণ গ্রাহক ও সচেতন নাগরিকরা। তাদের মূল আশঙ্কা হলো ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের ফলে অতীতে যেসব বড় ধরনের আর্থিক অনিয়ম ও চরম বিতর্কের সৃষ্টি হয়েছিল, সেগুলোর আবারও পুনরাবৃত্তি ঘটতে পারে।
এ ঘটনায় দিলকুশ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অফিসগামীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। পুলিশের জলকামান নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার কারণে বেশ কিছু লোক আহত হয়েছে।











