June 25, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বেইজিংয়ে ‘ইনভেস্ট বাংলাদেশ’ সেমিনারে চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেইজিংয়ে ‘ইনভেস্ট বাংলাদেশ’ সেমিনারে চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশকে ব্যবসাবান্ধব ও বিনিয়োগের জন্য প্রস্তুত একটি সম্ভাবনাময় গন্তব্য হিসেবে তুলে ধরে চীনা কোম্পানিগুলোকে দেশে বিনিয়োগ ও ভ্যালু চেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ জুন, ২০২৬) চীনের রাজধানী বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এ সেমিনারে চীনের ১২৫ জন ব্যবসায়ী ও বিনিয়োগকারী অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং চীনের সঙ্গে আরও গভীর শিল্প ও অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী।” তিনি চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

তিনি জানান, আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ এবং ব্যবসা পরিচালনা সহজ করতে সরকার ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এ কর্মপরিকল্পনার আওতায় আমলাতান্ত্রিক জটিলতা কমানো, সরকারি সেবার ডিজিটালাইজেশন, নীতির ধারাবাহিকতা নিশ্চিত করা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ শক্তিশালী করার পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, চীনা বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণে সরকার কাজ করছে। আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল এবং মোংলায় দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কার্যক্রম এগিয়ে চলছে। পাশাপাশি চীনা বিনিয়োগকারীদের সেবা প্রদান সহজতর করতে শিগগিরই চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ চালু করা হবে।

সেমিনারে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা, অবকাঠামোগত উন্নয়ন এবং বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকারের বিভিন্ন প্রণোদনা ও সুবিধার বিষয়েও আলোকপাত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। এছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Scroll to Top