ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশ বিমান বাহিনী শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ (বিএএফ সেমস)-এর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী ২০২৫–২০২৬ সেশন গত ২০ ও ২১ মে ২০২৬ তারিখে শাহীন হলে অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতি প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (BAFWWA) এবং আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাব (OWCC)-এর প্রতিনিধিবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএএফ লেডিস ক্লাব ও চিলড্রেনস ক্লাব, ঢাকা-এর সভাপতি সালেহা খান।



প্রধান অতিথি কেমব্রিজ ও-লেভেল ও এ-লেভেল মে–জুন ২০২৫ পরীক্ষায় বিএএফ সেমস শিক্ষার্থীদের অসাধারণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ বিশেষ পুরস্কার প্রদান করেন। এ বছর দুইজন শিক্ষার্থী ও-লেভেল ম্যাথেমেটিক্স-ডি, একজন অ্যাডিশনাল ম্যাথেমেটিক্স এবং একজন অ্যাকাউন্টিং বিষয়ে “টপ ইন দ্য ওয়ার্ল্ড” সম্মান অর্জন করে, যা প্রতিষ্ঠানটির জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হয়।
শিক্ষার্থীদের এই সাফল্যে গণিত ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষকদের নিষ্ঠা ও অবদানের প্রশংসা করেন প্রধান অতিথি। পরে জুনিয়র ও সিনিয়র বিভাগে সেরা শিক্ষার্থী পুরস্কার এবং “স্টুডেন্ট অব দ্য ডিকেড” অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
জুনিয়র বিভাগে ওয়াজিহা তাজিম এবং সিনিয়র বিভাগে রিধিমা সরকার এই সম্মাননা অর্জন করেন। অসাধারণ সাফল্য ও সামগ্রিক অবদানের জন্য সাহিল ওয়াজির মামুনকে “স্টুডেন্ট অব দ্য ডিকেড” হিসেবে সম্মানিত করা হয়। এছাড়া শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মোহাম্মদ এমদাদুল হক ও সুলতান মাহমুদ যথাক্রমে স্কুল ও কলেজ বিভাগে “সেরা শিক্ষক ২০২৫–২৬” পুরস্কার লাভ করেন।
অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক ও বিএএফ সেমস পরিচালনা পর্ষদের সভাপতি এয়ার ভাইস মার্শাল সৈয়দ সাঈদুর রহমান উপস্থিত ছিলেন।
বিএএফ সেমস-এর অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ তার স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, আবৃত্তি, নৃত্য ও নাটকের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করে, যা উপস্থিত অতিথি, অভিভাবক ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে বলেন, বিএএফ সেমস ভবিষ্যতেও শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে উৎকর্ষতার ধারা অব্যাহত রাখবে।











