ডিপ্লোম্যাটিক ডেস্ক :
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ও তাঁর সহধর্মিণীর আমন্ত্রণে ‘ইউরোপ ডে ২০২৬’ উপলক্ষে অনুষ্ঠিত কূটনৈতিক সংবর্ধনায় অংশ নিয়েছেন দৈনিক ঢাকা ডায়ালগ-এর সম্পাদক প্রকৌঃ মোহাম্মদ সজিবুল-আল-রাজীব। বুধবার (৬ মে, ২০২৬) রাজধানীতে অনুষ্ঠিত এই সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল।


অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ও তাঁর সহধর্মিণীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমন্ত্রণের জন্য ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এ ধরনের আয়োজন বাংলাদেশ ও ইউরোপীয় দেশগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি তার বক্তব্যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ককে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

অর্থমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের প্রশংসা করে বলেন, বাংলাদেশের ৩০তম জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বৃহৎ ইইউ নির্বাচন পর্যবেক্ষক দল মোতায়েন ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার ইইউর সঙ্গে পারস্পরিক স্বার্থ ও যৌথ দায়িত্বের ভিত্তিতে বিদ্যমান অংশীদারিত্ব আরও সম্প্রসারণে আগ্রহী বলেও উল্লেখ করেন।

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার তাঁর বক্তব্যে বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো তাদের সংস্কৃতি, উদ্ভাবন ও ঐতিহ্যের সমন্বয়ে ঢাকায় “ইউরোপিয়ান ভিলেজ” গড়ে তুলেছে, যা ইউরোপীয় ইউনিয়নের “Unity in Diversity”-এর প্রতিফলন।

তিনি জানান, বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতির অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন একটি “লেভেল প্লেয়িং ফিল্ড” নিশ্চিত করতে এবং বিদেশি বিনিয়োগ বাড়াতে চলতি বছরের শেষ দিকে প্রথম বাংলাদেশ-ইইউ বিজনেস ফোরাম আয়োজন করবে।
বর্ণাঢ্য এ আয়োজনে ইউরোপীয় খাবার, সংস্কৃতি ও উদ্ভাবনের বিভিন্ন প্রদর্শনী অতিথিদের আকৃষ্ট করে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।











