আঞ্চলিক সহযোগিতা জোরদারে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান সার্ক মহাসচিবের


দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার ভবিষ্যৎ ও তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমিতে তরুণ কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় করেছেন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর মহাসচিব হোসাইন গোলাম সারওয়ার।

ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি ‘Our South Asia, Our Future: A New Generation’s Vision for SAARC’ শীর্ষক মূল বক্তব্য দেন। অনুষ্ঠানে ৩২তম বিশেষায়িত প্রশিক্ষণ কোর্স এবং আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি বিষয়ে ৪র্থ প্রফেশনাল মাস্টার্স কোর্সের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

মূল বক্তব্যের পর সার্ক মহাসচিব তরুণ কূটনীতিকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ে অংশ নেন। এ সময় প্রশ্ন, মতামত ও আলোচনার মাধ্যমে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নেওয়া, জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক জোরদার এবং শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও স্থিতিশীল দক্ষিণ এশিয়া গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
আলোচনায় দক্ষিণ এশিয়ার আঞ্চলিক চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে গভীর জ্ঞানসম্পন্ন এবং আঞ্চলিক সহযোগিতার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে প্রতিশ্রুতিশীল নতুন প্রজন্মের কূটনীতিক তৈরির গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শুরুতে সার্ক সচিবালয়ের পরিচালক (কৃষি, পল্লী উন্নয়ন ও সার্ক ডেভেলপমেন্ট ফান্ড) তানভীর আহমদ তোরফদার অংশগ্রহণকারীদের সার্ক সম্পর্কে অবহিত করেন। তিনি সার্কের ইতিহাস, উদ্দেশ্য, প্রাতিষ্ঠানিক কাঠামো, সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারে চলমান বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
তরুণ কূটনীতিকদের এ মতবিনিময় দক্ষিণ এশিয়ার অভিন্ন ভবিষ্যৎ নির্মাণে নতুন প্রজন্মের কূটনীতিকদের আরও সক্রিয় ও কার্যকর ভূমিকার প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে আসে।











