নতুন নেতৃত্বে বেসামরিক বিমান ও পর্যটন খাতে গতি আনতে চান নবনিযুক্ত মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি


আজ রবিবার (২৩ আগস্ট, ২০২৬) সকাল ৯টায় নবনিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি নিজ মন্ত্রণালয়ে যোগদান করেন। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অভ্যর্থনা জানান।
এরপর মন্ত্রণালয় ও অধস্তন দপ্তরসমূহের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
![]() |
![]() |
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আমার কৃতজ্ঞতা। তিনি আমাকে মন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। রদবদল একটি স্বাভাবিক প্রক্রিয়া। নতুন নেতৃত্বে আমরা টিম তৈরির মাধ্যমে মন্ত্রণালয়ের কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে চাই।”
তিনি বলেন, “কাজের সুবিধার্থে আমি পাঁচ কর্মদিবসের মধ্যে একদিন সিভিল এভিয়েশন বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অফিস করতে চাই। মন্ত্রণালয় ও আওতাধীন সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ।”
উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ভালো কাজের জন্য যেমন পুরস্কারের ব্যবস্থা রয়েছে, তেমনি খারাপ কাজের জন্য তিরস্কারের ব্যবস্থাও রয়েছে। মন্ত্রণালয়ের কাজকে আরও গতিশীল করতে Conventional Bureaucracy-এর বাইরে গিয়ে কাজ করতে হবে। উদ্ভাবনী পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ১৬ ডিসেম্বর Soft Opening করার পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। জাপানিজ কোম্পানির সঙ্গে আগামী সেপ্টেম্বরে চুক্তি করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া আগামী বছর ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর জন্যও কাজ চলছে। বিমানের বহরে শিগগিরই ১০টি লিজকৃত বিমান যুক্ত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ঈশ্বরদী বিমানবন্দর প্রসঙ্গে মন্ত্রী বলেন, পাবনায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য তেজস্ক্রিয় সামগ্রী পরিবহনের সুবিধার্থে শিগগিরই ফ্লাইট চালুর কথা ভাবা হচ্ছে।
যশোর বিমানবন্দরে কমার্শিয়াল ফ্লাইট কমে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ইউএস-বাংলার সঙ্গে ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা হয়েছে। বগুড়া বিমানবন্দর নির্মাণের জন্য Feasibility Study চলছে।
এছাড়া আগামী অক্টোবরের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালুর ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
বক্তব্য শেষে মন্ত্রী উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।













