বাংলাদেশের সরকারি স্কুলে বিতরণের জন্য ১,০০০ ফুটবল উপহার দিলেন পাকিস্তানের হাইকমিশনার


ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার হাইকমিশনার ইমরান হায়দার রবিবার (২১ জুন ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন। তিনি শিক্ষামন্ত্রী ড. এ. এন. এম. এহসানুল হক মিলন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে শিক্ষা, যুব উন্নয়ন ও ক্রীড়া খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে হাইকমিশনার ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডর’-এর অগ্রগতি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। আলোচনায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, ডিজিটাল লার্নিং, শারীরিক শিক্ষা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি প্রক্রিয়াসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।
পরে হাইকমিশনার শিক্ষামন্ত্রীর কাছে পাকিস্তানের সিয়ালকোটভিত্তিক প্রতিষ্ঠান Forward Sports-এর তৈরি একটি ফুটবল উপহার হিসেবে প্রদান করেন। এর আগে ১,০০০টি একই ধরনের ফুটবল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে, যা দেশের সরকারি স্কুলগুলোতে বিতরণ করা হবে বলে জানানো হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এই ফুটবলগুলো বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করবে।
হাইকমিশনার জানান, সিয়ালকোট বিশ্বব্যাপী ফুটবল উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। এই শহর থেকে উৎপাদিত ফুটবল বিশ্বকাপের বিভিন্ন আসরে ব্যবহৃত হয়েছে, যার মধ্যে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ‘ব্রাজুকা’, ২০১৮ রাশিয়া বিশ্বকাপের ‘টেলস্টার’, ২০২২ কাতার বিশ্বকাপের ‘আল রিহলা’ এবং ২০২৬ বিশ্বকাপের ‘ট্রিওনডা’ উল্লেখযোগ্য।
শিক্ষামন্ত্রী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের শারীরিক শিক্ষা ও খেলাধুলায় অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আলোচিত বিভিন্ন খাতে ভবিষ্যৎ সহযোগিতা জোরদারের আহ্বান জানান।











