জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইওহেই সাসাকাওয়ার সঙ্গে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বৈঠক অনুষ্ঠিত


অনলাইন ডেস্কঃ
জাপানের বিশিষ্ট মানবিক ও উন্নয়ন সংস্থা নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইওহেই সাসাকাওয়া-এর সঙ্গে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি’র একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ মে ২০২৬) অনুষ্ঠিত এই বৈঠকে ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, এমপি।
বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক, মানবিক সহযোগিতা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন, যুবসমাজের দক্ষতা বৃদ্ধি এবং টেকসই সামাজিক উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া রোহিঙ্গা সংকটের মানবিক দিক, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা নিয়েও মতবিনিময় করেন উভয় পক্ষ।
বৈঠকে বিরোধীদলীয় নেতা বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে অব্যাহত সহযোগিতার জন্য জাপান সরকার ও নিপ্পন ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জুলাই আন্দোলনে শহীদ পরিবারের পুনর্বাসন এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে নিপ্পন ফাউন্ডেশনের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অন্যদিকে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইওহেই সাসাকাওয়া বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং মানবিক সহায়তা কার্যক্রমে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।











