COP31-এ বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন (COP31)-এর গ্রিন জোনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর, ২০২৬) তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টার দিকে আনতালিয়ায় প্যাভিলিয়ন পরিদর্শনকালে প্রধানমন্ত্রী বাংলাদেশের পরিবেশবান্ধব বিভিন্ন পাটজাত পণ্য ঘুরে দেখেন। এসব পণ্যের বৈচিত্র্য, ব্যবহার ও আন্তর্জাতিক বাজারে সম্ভাবনা সম্পর্কে তিনি খোঁজখবর নেন।

পরিদর্শনকালে প্যাভিলিয়নে উপস্থিত যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের পাটজাত পণ্যের বিষয়ে তাঁদের আগ্রহের কথা জানতে চান। শিক্ষার্থীরা বাংলাদেশের পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রতি নিজেদের আগ্রহ প্রকাশ করেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর পরিবেশ রক্ষা এবং মানুষের সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রধানমন্ত্রীকে জানান, সেখানে ব্যাগ, জুতা, ব্লেজারসহ মোট ১২৯ ধরনের পাটজাত পণ্য প্রদর্শন করা হচ্ছে। এসব পণ্যের প্রতি বিভিন্ন দেশের প্রতিনিধিরা ব্যাপক আগ্রহ দেখিয়েছেন। তাঁদের অনেকেই বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানির আগ্রহ প্রকাশ করেছেন।
প্যাভিলিয়নে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।











