April 14, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রায় পহেলা বৈশাখ উদযাপন জামায়াতে ইসলামী’র

রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রায় পহেলা বৈশাখ উদযাপন জামায়াতে ইসলামী’র

Image

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’-এর ব্যানারে আয়োজিত এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তারা নববর্ষকে বরণ করে নেয়।

মঙ্গলবার সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শিক্ষা ভবন ও হাইকোর্ট মোড় অতিক্রম করে রমনা পার্কের প্রবেশমুখে গিয়ে শেষ হয়। এতে সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল বাংলার চিরায়ত লোকজ ঐতিহ্যের নানা উপকরণ—মাছ ধরার পলো, ঢেঁকি, খেওয়া জাল, কুলা, মাথাল এবং মাটির কলস। বাঙালিয়ানার ঐতিহ্যবাহী সাজে শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এ সময় শিল্পীরা দেশাত্মবোধক গান, জারি-সারি ও ভাটিয়ালি পরিবেশন করলে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

শোভাযাত্রা শুরুর আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বাঙালির নিজস্ব সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ হলেও পশ্চিমা ও বিজাতীয় সংস্কৃতির আগ্রাসনে তা ক্রমশ হারিয়ে যাচ্ছে। তারা বলেন, দেশের ঐতিহ্য ও শেকড়কে ধারণ করে নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে।

বক্তারা আরও অভিযোগ করেন, তথাকথিত ‘আকাশ সংস্কৃতি’র প্রভাবে দেশীয় উৎসবগুলো অনেকাংশে কৃত্রিম হয়ে পড়ছে। হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধার এবং বাঙালির প্রকৃত সাংস্কৃতিক চেতনা জাগ্রত করতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

একই সঙ্গে আনন্দ-উৎসব পালনের ক্ষেত্রে সংযম বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে নেতারা বলেন, এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো উচিত নয় যা এ দেশের মানুষের ইমান-আকিদা ও ইসলামী শরিয়াহর সঙ্গে সাংঘর্ষিক। বিশেষ করে অশ্লীলতা ও ভিনদেশি অপসংস্কৃতি থেকে দূরে থাকতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানানো হয়।

Scroll to Top