ডেস্ক রিপোর্টঃ
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে রাজধানী ঢাকা আজ উৎসবের রঙে রাঙা। বর্ষবরণের অন্যতম প্রধান আকর্ষণ বৈশাখী শোভাযাত্রা আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর চারুকলা অনুষদ থেকে শুরু হয়েছে।
বর্ণাঢ্য এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন নানা বয়স ও শ্রেণি-পেশার মানুষ। রঙিন মুখোশ, প্রতীকী মোটিফ ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় শোভাযাত্রাটি পরিণত হয়েছে এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায়। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
এর আগে ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজধানীর রমনার বটমূলে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান। সম্মিলিত কণ্ঠে ‘জাগো আলোক-লগনে’ গান পরিবেশনের মধ্য দিয়ে দিনের সূচনা হয়। এ সময় বিপুলসংখ্যক মানুষ সেখানে ভিড় জমান। অনেকের কাছে এই আয়োজন শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং বাঙালির শেকড়ে ফিরে যাওয়ার এক আবেগঘন উপলক্ষ।
বর্ষবরণের আনুষ্ঠানিকতা শেষ হয় সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে।
এদিকে, চারুকলা থেকে শুরু হওয়া এবারের বৈশাখী শোভাযাত্রার প্রধান আকর্ষণ হিসেবে স্থান পেয়েছে পাঁচটি বিশেষ মোটিফ—মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়া। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এসব প্রতীক যথাক্রমে শক্তি, সৃজনশীলতা, শান্তি, গৌরব ও গতিশীলতার বার্তা বহন করে।
নববর্ষের এই আয়োজন ঘিরে সারাদেশের মতো রাজধানীতেও বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ, যেখানে নতুন বছরের আগমনে উচ্ছ্বাসে মেতেছে সর্বস্তরের মানুষ।











