April 13, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • নেপাল-বাংলাদেশ বাণিজ্য ও পর্যটনে নতুন সম্ভাবনা সৃষ্টি হচ্ছে: নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ললিতা সিলওয়াল

নেপাল-বাংলাদেশ বাণিজ্য ও পর্যটনে নতুন সম্ভাবনা সৃষ্টি হচ্ছে: নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ললিতা সিলওয়াল

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

নেপাল দূতাবাসের উদ্যোগে ‘Enhancing Nepal-Bangladesh Economic Partnership’ শীর্ষক একটি মতবিনিময় সভা শুক্রবার (১০ এপ্রিল, ২০২৬) সন্ধ্যায় সিলেটে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ললিতা সিলওয়াল বলেন, নেপাল ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, সংযোগ (connectivity), জ্বালানি এবং পর্যটন খাতে সহযোগিতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তিনি এসব ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেন এবং সিলেটের ব্যবসায়ী সমাজকে নেপালে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান। একইসঙ্গে তিনি নেপালি ব্যবসায়ীদের সঙ্গে অর্থবহ অংশীদারিত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও জানান, পারস্পরিক সহযোগিতা জোরদার হলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। পরে তিনি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের উদ্বেগ ও পরামর্শ গুরুত্বসহকারে শুনেন।

অনুষ্ঠানে ফার্স্ট সেক্রেটারি ইয়োজনা বামজন একটি উপস্থাপনা প্রদান করেন, যেখানে নেপাল-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্বের সম্ভাবনাময় খাতসমূহ তুলে ধরা হয়। তিনি বিশেষ করে বাণিজ্য, পর্যটন, জ্বালানি ও সংযোগ খাতে যৌথ উদ্যোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, নেপাল ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক জোরদারে সংযোগ ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি পেলে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন।

এছাড়া অনুষ্ঠানে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেটের সভাপতি এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় সিলেটের শীর্ষ ব্যবসায়ী, ভ্রমণ ও পর্যটন উদ্যোক্তা, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Scroll to Top