March 17, 2026

শিরোনাম

বিনিয়োগবান্ধব বাংলাদেশ গড়তে ১৮০ দিনের পরিকল্পনা সরকারের

Image

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশের বিনিয়োগ পরিবেশে গুরুত্বপূর্ণ উন্নয়ন সাধনের লক্ষ্যে দেশের চারটি প্রধান বিনিয়োগ প্রচার সংস্থার (আইপিএ) জন্য একটি যৌথ ১৮০ দিনের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ, ২০২৬) সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে এক বৈঠকে এই পরিকল্পনা তুলে ধরেন বিডা, বেজা ও মিডা’র নির্বাহী চেয়ারম্যান এবং পিপিপিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী।

প্রস্তাবিত এই কর্মপরিকল্পনার মূল লক্ষ্য হলো বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ে তোলা, দ্রুত কর্মসংস্থান সৃষ্টি এবং দেশি-বিদেশি বিনিয়োগের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা।

বৈঠকে আশিক চৌধুরী বলেন, “আমাদের পরিকল্পনার মূল লক্ষ্য হচ্ছে বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ে তোলা, দ্রুত কর্মসংস্থান সৃষ্টি করা এবং বাস্তবায়নমুখী সংস্কারের মাধ্যমে বাংলাদেশে দেশি ও বিদেশি বিনিয়োগ বাড়ানো।”

তিনি আরও বলেন, বর্তমান বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে দেশীয় বিনিয়োগকারীদের সহায়তা করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের জন্যও সহায়ক পরিবেশ নিশ্চিত করা হবে।

১৮০ দিনের এই রোডম্যাপ তিনটি প্রধান স্তম্ভের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। মোট ২৫টি উদ্যোগের মধ্যে অবকাঠামো উন্নয়নে ১৩টি, বিনিয়োগ সহায়তায় ৭টি এবং বিনিয়োগ উন্নয়নে ৫টি উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে।

অবকাঠামো উন্নয়ন খাতে বন্দর আধুনিকায়ন, চাইনিজ ইকোনমিক জোন বাস্তবায়ন, শিল্পপার্কে ‘রেডি-টু-ইউজ’ প্লট সম্প্রসারণ, ফ্রি ট্রেড জোন ও ডিফেন্স ইকোনমিক জোন প্রতিষ্ঠা এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে পিপিপি ও বিদেশি বিনিয়োগের মাধ্যমে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা রয়েছে।

বিনিয়োগ সহায়তা খাতে প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে বিডা, বেজা, বেপজা, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও পিপিপিএ—এই পাঁচটি সংস্থাকে একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ‘বাংলাবিজ’ নামে একক বিনিয়োগ সেবা প্ল্যাটফর্মের ব্যবহার বৃদ্ধি, মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং কৌশলগত বিনিয়োগকারীদের সমস্যা দ্রুত সমাধানের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া, বিনিয়োগ উন্নয়ন খাতে শিল্প খাতের ম্যাপিং, অগ্রাধিকারপ্রাপ্ত দেশগুলো থেকে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ, ব্লু ইকোনমি উন্নয়ন এবং নতুন প্রণোদনা কর্মসূচি চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

এই ২৫টি উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে অবকাঠামো শক্তিশালী করা, বিনিয়োগ সহায়তা সহজ করা এবং ভবিষ্যৎ বিনিয়োগের একটি শক্তিশালী পাইপলাইন তৈরির মাধ্যমে দেশের বিনিয়োগ পরিবেশ আরও গতিশীল করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Scroll to Top