April 15, 2026

শিরোনাম

বাংলাদেশ-জাপান শিল্প সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সোমবার (১৩ এপ্রিল, ২০২৬) রাজধানীর মতিঝিলে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত SAIDA Shinichi সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে শিল্পমন্ত্রী জাপানের সাথে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী ও অকৃত্রিম বন্ধু। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও শিল্পায়নে জাপান গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

জাপানের রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশের সাথে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।” পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি চট্টগ্রামের সীতাকুন্ডে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ ফ্যাসিলিটিজ অর্থাৎ ট্রিটমেন্ট, স্টোরেজ অ্যান্ড ডিসপোজাল ফ্যাসিলিটি (টিএসডিএফ) স্থাপনে বাংলাদেশের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, এ বিষয়ে শিগগিরই সম্ভাব্যতা যাচাই করে তা বাস্তবায়নের কার্যক্রম গ্রহণ করা হবে।

এ সময় শিল্পমন্ত্রী শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের সাথে জাপানি শিল্প প্রতিষ্ঠান মিতসুবিশি ও টয়োটা’র সাথে সমঝোতা স্মারকের আলোকে বাংলাদেশে মোটরগাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

শিল্প সচিব মোঃ ওবায়দুর রহমান, অতিরিক্ত সচিব মোঃ নুরুজ্জামান এনডিসি, যুগ্ম সচিব সাহেলা আক্তার, ঢাকাস্থ জাপানি দূতাবাসের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রধান প্রথম সচিব KARASAWA Shinju এবং অর্থনৈতিক বিভাগের প্রথম সচিব TSUKO Daisuke এ সময় উপস্থিত ছিলেন।

Scroll to Top