ডেস্ক রিপোর্টঃ
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় পদযাত্রার সমাবেশে ককটেল হামলার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছেন দলটির ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা।
সোমবার (৬ জুলাই, ২০২৬) দিবাগত রাত ১২টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ হয়।
পরে শাহবাগের জুলাই স্মৃতিস্তম্ভের পাদদেশে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। তিনি সাভারে দলীয় সমাবেশে ককটেল হামলার তীব্র নিন্দা জানিয়ে এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
মশাল মিছিলে দলের যুগ্ম সদস্য সচিব জয়নাল আবদিন শিশির, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিনসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে সোমবার রাতে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে এনসিপির পদযাত্রা-পরবর্তী সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে রাজধানীতে এ মশাল মিছিল কর্মসূচি পালন করা হয়।











