বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সুইজারল্যান্ড


ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি।
মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের হেড অব পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড কমিউনিকেশন অ্যাফেয়ার্স আলবের্তো জিওভানেত্তি এবং সিনিয়র পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড প্রেস অফিসার খালেদ চৌধুরী।
বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক ও সামগ্রিক পরিস্থিতি, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বাংলাদেশে সুইজারল্যান্ডের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় উভয় পক্ষ বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ আরও সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে ভবিষ্যতেও বাংলাদেশের প্রতি সুইজারল্যান্ডের দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে বলে মত প্রকাশ করা হয়।
বৈঠকে রাষ্ট্রদূত রেতো রেংগলি বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া রোহিঙ্গা সংকট, মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন এবং দেশে স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে সরকার, বিরোধী দল ও নাগরিক সমাজের ইতিবাচক ভূমিকার গুরুত্ব নিয়েও আলোচনা হয়।
এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রাষ্ট্রদূতকে তাঁর সক্রিয় ভূমিকার জন্য ধন্যবাদ জানান এবং নবায়নযোগ্য জ্বালানি (গ্রীন এনার্জি), বাণিজ্য সম্প্রসারণ ও বিভিন্ন উন্নয়ন খাতে সুইজারল্যান্ডকে আরও সক্রিয়ভাবে সহযোগিতা করার আহ্বান জানান।
বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।











