প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিয়ানমারে জাতীয় পুনর্মিলন বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া।সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এ বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং প্রত্যাবাসনের পর তাদের পুনর্বাসনে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান। তিনি সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বহুপক্ষীয় উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে সংশ্লিষ্ট সব পক্ষকে কার্যকর ভূমিকা রাখতে হবে।বৈঠকে প্রত্যাবাসনের পর রোহিঙ্গাদের পুনর্বাসন ও পুনর্গঠনে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে আন্তর্জাতিক অংশীদারদের দীর্ঘমেয়াদি সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।এ ছাড়া বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদনকেন্দ্র স্থাপনের সম্ভাবনা এবং জাপানের বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ নিয়েও বৈঠকে আলোচনা হয়। বাংলাদেশের স্বাস্থ্য ও উৎপাদন খাতে জাপানি প্রযুক্তি, বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন তারা।সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।বৈঠকে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও জাপানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।