জনবান্ধব রাজস্ব কাঠামো গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান


রাজস্ব ব্যবস্থাপনা নিয়ে জনগণের মধ্যে যে বিভ্রান্তি রয়েছে, তা দূর করাই বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণ বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-কে একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। বিশেষ করে করদাতারা এনবিআরকে তাদের আস্থার প্রতিষ্ঠান হিসেবে প্রত্যাশা করেন।
মঙ্গলবার (১৮ আগস্ট, ২০২৬) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
![]() |
![]() |
![]() |
![]() |
প্রধানমন্ত্রী বলেন, দক্ষ ও টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা সম্ভব। রাজস্ব কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, করদাতাদের প্রত্যাশা পূরণের দায়িত্ব কর্মকর্তাদের অবশ্যই নিতে হবে। বর্তমান সরকার এনবিআর তথা দেশের রাজস্ব কাঠামোকে আরও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চায়।
তিনি বলেন, বিশ্ব অর্থনীতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। একের পর এক অত্যাধুনিক প্রযুক্তির বিকাশ ঘটছে, পরিবর্তন হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের ধরন। ব্যবসা-বাণিজ্যে নতুন নতুন মডেল তৈরি হওয়ার পাশাপাশি নানা ধরনের চ্যালেঞ্জও সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক কর ও রাজস্ব ব্যবস্থাপনাতেও পরিবর্তন এসেছে।
প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তিত বিশ্বের অর্থনৈতিক সমস্যা, সম্ভাবনা, সুবিধা ও চ্যালেঞ্জ মোকাবিলায় রাজস্ব কর্মকর্তাদের বহুমাত্রিক দক্ষতা অর্জন এখন সময়ের দাবি। আধুনিক অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজস্ব ব্যবস্থাপনাকে আরও দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব করতে হবে।
এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে রাজস্ব আদায় ও ব্যবস্থাপনা নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।















