জুলাইয়ের যোদ্ধারা আমাদের পরিবারের অংশ, তাদের পাশে থাকব: ড. এম এ কাইয়ুম


বিএনপির ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সভাপতি ড. এম এ কাইয়ুম দীর্ঘদিন ধরে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে আসছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার।
তিনি বলেন, রাজনৈতিক জীবনের পাশাপাশি দুর্যোগ ও সংকটের সময় মানুষের পাশে থেকে ড. এম এ কাইয়ুম যে ভূমিকা রেখেছেন, তা প্রশংসনীয়।
সোমবার (১৭ আগস্ট) রাজধানীর গুলশান-২-এ ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের মধ্যে মাসিক আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. ফরহাদ হালিম ডোনার।

তিনি বলেন, ‘১৯৮৮ সালে বন্যার্ত মানুষের সহযোগিতার লক্ষ্যে ড. এম এ কাইয়ুম আমাকে সহযোগিতা করে ৩৪টি রিলিফ ক্যাম্প করে দিয়েছিলেন। তখন তার কার্যক্রম দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। তিনি মানুষের জন্য কাজ করে গেছেন।’
ডা. ফরহাদ হালিম ডোনার আরও বলেন, বিদেশে অবস্থান করেও ড. এম এ কাইয়ুম সবসময় অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসার জন্য উৎসাহ দিতেন। দলের নেতাকর্মীরা কারাগারে থাকলে তাদের পরিবারের পাশে দাঁড়ানো এবং অনেকের বাসায় গিয়ে সহযোগিতা করার কথাও উল্লেখ করেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমাদের কাইয়ুম ভাইকে নির্বাচনে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। তিনি হারেননি। কারণ এই এলাকার মানুষ তাকে ভালোভাবে চেনেন এবং তার জনপ্রিয়তা রয়েছে।’
জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের আর্থিক সহযোগিতার কাজ স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে করার কথা থাকলেও ড. এম এ কাইয়ুম সংসদ সদস্য না হয়েও যে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ড. এম এ কাইয়ুম বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে ডা. ফরহাদ হালিম ডোনারকে নির্বাচিত করায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও দুর্যোগের সময় ডা. ফরহাদ হালিম ডোনারের অবদানের কথাও তুলে ধরেন তিনি।
ড. এম এ কাইয়ুম বলেন, বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিয়েছে। সাধারণ মানুষের মতো জীবনযাপন করে প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের পাশে থাকার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা প্রশংসনীয়।
তিনি বলেন, ‘জুলাইয়ের যোদ্ধারা আমাদের পরিবারের অংশ। তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে বর্তমান সরকার যে সুযোগ-সুবিধা দিচ্ছে, তার পাশাপাশি আমিও আমার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে যাচ্ছি।’
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রায় ৪০টি পরিবারের হাতে মাসিক আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।











