পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতীয় শিল্প প্রতিনিধিদল


ভারতের কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)-এর একটি প্রতিনিধিদল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করে। প্রতিনিধিদলে ভারতের বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলে Bharat Biotech International Limited, The Infravision Foundation, Godrej Industries Group, Aravind Limited, Mahindra Group, Numaligarh Refinery Limited, Larsen & Toubro Limited, Godrej Consumer Products Limited, Forbes Marshall Pvt. Ltd., Beximco IOC Petroleum & Energy Limited, Indian Oil Corporation Limited এবং Apollo Hospitals-এর প্রতিনিধিরা ছিলেন।
এসব প্রতিষ্ঠান ভোক্তা পণ্য, অটোমোবাইল, পেট্রোলিয়াম ও জ্বালানি, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে কার্যক্রম পরিচালনা করে।
সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, নতুন সরকার বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে একটি দূরদর্শী ও ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাচ্ছে। পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারে ভারতীয় ব্যবসায়ী সম্প্রদায় এ সুযোগগুলো অনুসন্ধান করতে পারে।
তিনি বাংলাদেশ ও ভারতের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে আরও ঘনিষ্ঠ যোগাযোগ ও অংশীদারত্বের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।











