May 25, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • ঈদযাত্রায় রেলে বাড়তি চাপেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই: রেলমন্ত্রী

ঈদযাত্রায় রেলে বাড়তি চাপেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই: রেলমন্ত্রী

Image

ডেস্ক রিপোর্টঃ

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনে ঘরমুখী যাত্রীর বাড়তি চাপ থাকলেও বড় ধরনের শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, পুরোনো রেললাইন ও লোকোমোটিভ ব্যবহার করেই সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ঈদযাত্রায় রেল পরিচালনা করা হচ্ছে।

রবিবার (২৪ মে, ২০২৬) কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, ঈদ মৌসুমে ট্রেনযাত্রার চাহিদা অত্যন্ত বেশি থাকে। ঢাকার বাইরে গমনেচ্ছু যাত্রীদের কাছে ট্রেনের আলাদা গুরুত্ব রয়েছে। তবে চাহিদার তুলনায় ট্রেনের সংখ্যা ও সক্ষমতা এখনও পর্যাপ্ত নয়। সাধারণ সময়ে ঢাকা থেকে আন্তঃনগর ট্রেনে প্রতিদিন প্রায় ৩২ হাজার যাত্রী পরিবহন করা হয়। ঈদ উপলক্ষে অতিরিক্ত ২৫ শতাংশ টিকিট ছাড়ের মাধ্যমে এখন প্রায় ৪০ হাজার যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। তবে ঈদের সময় প্রায় এক লাখ যাত্রীর ট্রেন ভ্রমণের চাহিদা থাকে।

তিনি আরও বলেন, যেসব রুট ও স্থানে দুর্ঘটনা বা লাইনচ্যুত হওয়ার ঝুঁকি রয়েছে, সেগুলো আগেই চিহ্নিত করে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রেলসেবার উন্নতির কথা তুলে ধরে মন্ত্রী দাবি করেন, বর্তমানে অনলাইন টিকিটিং ব্যবস্থা চালু থাকায় টিকিট কালোবাজারি অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে এবং সেবার মান আগের তুলনায় উন্নত হয়েছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন রুটে নতুন করে ৫১টি কোচ সংযোজন করা হয়েছে বলেও তিনি জানান। বর্তমানে ৮২ থেকে ৮৩টি মিটারগেজ লোকোমোটিভ সচল রয়েছে। অচিরেই আরও কয়েকটি যুক্ত হলে ঈদযাত্রায় ৮৫ থেকে ৮৬টি লোকোমোটিভ সচল রাখা সম্ভব হবে, এতে শিডিউল বিপর্যয়ের ঝুঁকি আরও কমে যাবে এবং যাত্রীরা স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে পারবেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, মোঃ আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Scroll to Top