স্পোর্টস ডেস্কঃ
বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ লড়াইয়ে বদলি খেলোয়াড় মিকেল মেরিনোর ইনজুরি টাইমের গোলে চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগালকে ১-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্পেন।
যুক্তরাষ্ট্রের ডালাসের এটিএন্ডটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি দীর্ঘ সময় গোলশূন্য অবস্থায় এগিয়ে যাচ্ছিল। অতিরিক্ত সময়ে গড়ানোর অপেক্ষায় থাকা ম্যাচে যোগ করা সময়ের প্রথম মিনিটে স্পেনের হয়ে জয়সূচক গোলটি করেন মিকেল মেরিনো।
গোলের সূত্রপাত করেন স্পেনের বদলি খেলোয়াড় ফেরান তোরেস। তার দারুণ এক পাস থেকে সুযোগ কাজে লাগিয়ে বল জালে জড়িয়ে দেন মেরিনো। শেষ মুহূর্তের এই গোলেই ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে স্পেন।
ম্যাচটি ছিল পর্তুগালের কিংবদন্তি ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর জন্যও বিশেষ তাৎপর্যপূর্ণ। এই হারের মধ্য দিয়ে রোনালদোর রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ মিশনেরও ইতি ঘটল।
প্রায় ৭০ হাজার ৬৪৯ দর্শকে পরিপূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ডালাসের এটিএন্ডটি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হলেও, কাগজে-কলমে যতটা আকর্ষণীয় মনে হয়েছিল, মাঠের খেলায় ততটা রোমাঞ্চ দেখা যায়নি। দুই দলই বেশিরভাগ সময় সতর্ক ফুটবল খেলেছে এবং গোলের স্পষ্ট সুযোগও ছিল সীমিত।
তবে শেষ মুহূর্তে মিকেল মেরিনোর দুর্দান্ত ফিনিশিংয়ে নাটকীয় জয় তুলে নিয়ে বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নেয় স্পেন।











