July 8, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

Image

ডেস্ক রিপোর্টঃ

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতা RoboSub 2026-এ বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের (ডিআরএমসি) শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) বিকেলে জাতীয় সংসদ ভবনের প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ‘প্রজেক্ট পোসাইডন’স কোড’ প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন।

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণাভিত্তিক উদ্ভাবনী কর্মকাণ্ডে তরুণদের আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় তিনি শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক উদ্যোগই ভবিষ্যৎ বাংলাদেশের অগ্রযাত্রার অন্যতম চালিকাশক্তি। তরুণদের সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

তিনি শিক্ষার্থীদের প্রকল্পের পাশে থাকার আশ্বাস দিয়ে নিষ্ঠা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, তাদের সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।

মতবিনিময় শেষে প্রধানমন্ত্রী তার রচিত ‘সবার আগে বাংলাদেশ’ বইটি শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে তুলে দেন।

উল্লেখ্য, আগামী ১১ থেকে ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হবে RoboSub 2026 আন্তর্জাতিক প্রতিযোগিতা। এতে বাংলাদেশের হয়ে অংশ নেবে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী দল।

বিদেশ যাত্রার আগে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করতে এবং তাঁর দিকনির্দেশনা নিতে এ সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একজন গর্বিত প্রাক্তন শিক্ষার্থী।

শিক্ষার্থীরা জানান, তারা ‘প্রজেক্ট পোসাইডন’স কোড’-এর প্রতিনিধিদল। এটি বাংলাদেশের প্রথম পানির নিচের রোবোটিক্স উদ্যোগ, যা ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের উদ্যোগে শুরু হয়েছে। বর্তমানে প্রকল্পটি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (UIU) সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্সের সহযোগিতায় পরিচালিত হচ্ছে।

Scroll to Top