
ত্রয়োদশ জাতীয় সংসদের বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার, সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময় এবং বাণিজ্য ঘাটতি কমাতে চীনের বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।আজ মঙ্গলবার (২৮ জুলাই, ২০২৬) জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন, এমপির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম, এমপি; মো. হাসান রাজীব প্রধান, এমপি; জহরত আদিব চৌধুরী, এমপি; মাহমুদা হাবীবা, এমপি; মোহাম্মদ নাজিবুর রহমান, এমপি; মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ, এমপি এবং মো. আবুল হাসনাত, এমপি অংশগ্রহণ করেন।বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর সদস্যদের পরিচিতি পর্ব এবং প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়।আলোচনায় সদস্যরা বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীনের ক্রমবর্ধমান গুরুত্ব এবং দুই দেশের সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।বৈঠকে বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্বকে আরও কার্যকর করার পাশাপাশি সংসদীয় প্রতিনিধিদলের নিয়মিত দ্বিপক্ষীয় সফর বিনিময় এবং বাণিজ্য ঘাটতি নিরসনে চীনের অধিকতর বিনিয়োগ আকৃষ্ট করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।এ সময় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


