গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠন সরকারের প্রধান লক্ষ্য: মির্জা ফখরুল ইসলাম আলমগীর


ডেস্ক রিপোর্টঃ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করা, অর্থনীতিকে পুনর্গঠন করা এবং জনগণের জীবনমান উন্নয়নই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।
শুক্রবার (২৪ জুলাই, ২০২৬) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালেটিকস (দায়রা) আয়োজিত এই সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘Bangladesh and a Changing World: Uncharted Times, Emerging Orders, and the Politics of Care’।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণের মধ্য দিয়ে অতিক্রম করছে। ছাত্র-জনতার আন্দোলন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশা দেশের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি জবাবদিহিমূলক, অংশগ্রহণমূলক এবং টেকসই রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়নকে টেকসই করতে রাজনৈতিক স্থিতিশীলতা, কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং অন্তর্ভুক্তিমূলক নীতিমালা বাস্তবায়নের কোনো বিকল্প নেই।
সম্মেলনে দেশি-বিদেশি গবেষক, নীতিনির্ধারক, কূটনীতিক, উন্নয়ন বিশেষজ্ঞ, ব্যবসায়ী নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বৈশ্বিক পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিভিন্ন অধিবেশনে আলোচনা অনুষ্ঠিত হয়।











