প্রধানমন্ত্রীর হাত থেকে ভাইস এডমিরাল র্যাংক ব্যাজ পরলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম


ডেস্ক রিপোর্টঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান নবনিযুক্ত নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম, এনবিপি, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি-কে ভাইস এডমিরাল র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
র্যাংক ব্যাজ পরিধান শেষে প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে আন্তরিক অভিনন্দন জানান। এ সময় ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি নৌবাহিনীকে আরও আধুনিক, সক্ষম ও সময়োপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা কামনা করেন।
অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, উপদেষ্টা, প্রতিরক্ষা মন্ত্রণালয়; বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান; কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনী আধুনিকায়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়। একই সঙ্গে একটি আধুনিক, সক্ষম ও পেশাদার নৌবাহিনী গঠনের অভিযাত্রা তাঁর নেতৃত্বে আরও গতিশীল হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।











