ডেস্ক রিপোর্টঃ
আগামী ১৯ সেপ্টেম্বর হতে ০৪ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত জাপানের আইচি-নাগয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমস উপলক্ষে গেমসের প্রচার-প্রচারণার অংশ হিসেবে বুধবার (১০ জুন, ২০২৬) তারিখ সকালে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন কর্তৃক একটি বর্ণাঢ্য ফান রান র্যালী, বিভিন্ন খেলার প্রদর্শনী, লোকজ খেলা এবং সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
র্যালীটি সকাল ৭:৩০ ঘটিকায় বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণ হতে আরম্ভ হয়ে শহীদ তাজউদ্দীন আহমেদ ব্যাডমিন্টন এবং টেবিল টেনিস ইনডোর স্টেডিয়ামে এসে সমাপ্ত হয়।
ফান রান র্যালীর শুভ উদ্বোধন করেন বিওএ’র সহ-সভাপতি মেজর ইমরোজ আহমেদ (অবঃ)।
বর্ণাঢ্য এই র্যালীতে আসন্ন এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ২৩টি ফেডারেশন/বোর্ড/এসোসিয়েশনের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ, বিওএ’র কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাগণ, এশিয়ান গেমস অর্গানাইজিং কমিটির ০২ জন সদস্য এবং অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া (OCA)-এর ০২ জন সদস্য অংশগ্রহণ করেন।
র্যালী শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে কাবাডী, কারাতে, জুডো, তায়কোয়ান্ডো এবং উশু খেলার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
তৃতীয় পর্যায়ে লোকজ খেলার প্রদর্শনী হিসেবে দাড়িয়াবান্ধা ও লাঠি খেলার আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের ০২ জন এলিট অ্যাথলেট আর্চার মোঃ সাগর ইসলাম এবং শ্যুটার নিলুফা ইয়াসমিন নিজেদের খেলাধূলার অভিজ্ঞতার আলোকে আসন্ন এশিয়ান গেমসে তাদের স্বপ্নের কথা বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন।
এরপর অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া (OCA)-এর প্রতিনিধি Mr. Zhou Jian, আইচি-নাগয়া ২০২৬ এশিয়ান গেমস অর্গানাইজিং কমিটির প্রতিনিধি Mr. Toshikazu Honjo এবং অনুষ্ঠানের প্রধান অতিথি মেজর ইমরোজ আহমেদ (অবঃ), সহ-সভাপতি, বিওএ সকলের উদ্দেশে বক্তব্য প্রদান করেন।











