চীনের সঙ্গে বাস্তবভিত্তিক সহযোগিতা আরও গভীর করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


চীনের সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং বাস্তবভিত্তিক সহযোগিতা নতুন উচ্চতায় উন্নীত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বুধবার (১৪ অক্টোবর, ২০২৬) চীনের গণপ্রজাতন্ত্রী প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন উপস্থিত ছিলেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, গত ৭৭ বছরে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীনের উল্লেখযোগ্য সাফল্য উন্নয়নশীল দেশগুলোর জন্য মূল্যবান অভিজ্ঞতা ও শিক্ষার সুযোগ তৈরি করেছে। তিনি চীনের সঙ্গে বাংলাদেশের বাস্তবভিত্তিক সহযোগিতা আরও সম্প্রসারণ এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা তুলে ধরেন।
অনুষ্ঠানে ড. লিউ ইউইন বলেন, দুই দেশের নেতাদের কৌশলগত দিকনির্দেশনায় বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন যুগে অভিন্ন ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত হয়েছে। এর ফলে দ্বিপক্ষীয় সম্পর্কের দীর্ঘমেয়াদি উন্নয়নে নতুন গতি সঞ্চার হয়েছে।
তিনি আরও বলেন, চীন সবসময় বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ও উন্নয়ন অংশীদার হিসেবে পাশে রয়েছে। বাংলাদেশের সঙ্গে বাস্তবভিত্তিক সহযোগিতা আরও গভীর করা এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করতে চীন কাজ করতে প্রস্তুত।











