আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় নিরাপত্তা উদ্যোগে জোর বিমসটেকের


আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ এগিয়ে নিতে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে বঙ্গোপসাগরীয় বহুমাত্রিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা জোটের (বিমসটেক) স্বরাষ্ট্র মন্ত্রণালয়গুলোর জ্যেষ্ঠ কর্মকর্তাদের প্রথম বৈঠক।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) তারিখে অনুষ্ঠিত এ বৈঠকে সদস্য দেশগুলোর মধ্যে আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে মানবপাচার, মাদক নিয়ন্ত্রণ, অর্থপাচার এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বেশ কয়েকটি উদ্যোগ অনুমোদন করা হয়েছে।

বৈঠকে অনুমোদিত উদ্যোগগুলোর মধ্যে রয়েছে মানবপাচার প্রতিরোধে বিমসটেক কনভেনশন, অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিবিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) এবং মানবপাচার প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ ও অবৈধ অর্থপ্রবাহ মোকাবিলায় কর্মপরিকল্পনা।
এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা এবং বার্ষিক মাদকবিষয়ক প্রতিবেদন প্রণয়ন ও প্রকাশসংক্রান্ত কর্মপরিকল্পনাও অনুমোদন করা হয়েছে।











