নিজস্ব প্রতিবেদকঃ
ভূমিসেবা কার্যক্রমকে সাধারণ মানুষের জন্য সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার স্বল্প সময়ে ১০টি বড় মাইলফলক অর্জন করেছে। প্রশাসনিক সংস্কার, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নতুন আইন প্রণয়নের মাধ্যমে ভূমিসেবা এখন সাধারণ মানুষের হাতের মুঠোয় পৌঁছে গেছে বলে জানিয়েছেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি, ২০২৬) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের ১০টি প্রধান অর্জনের বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন তিনি। সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় খাদ্য মন্ত্রণালয়ে।
ভূমি উপদেষ্টা বলেন, “বিগত কয়েক মাসে ভূমি ব্যবস্থাপনায় যুগান্তকারী সংস্কার আনা হয়েছে। এর ফলে নাগরিকদের ভোগান্তি কমেছে, দুর্নীতি হ্রাস পেয়েছে এবং সেবার গতি বেড়েছে।”
সংবাদ সম্মেলনে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং খাদ্য সচিব মো. ফিরোজ সরকার উপস্থিত ছিলেন। এ সময় অন্তর্বর্তী সরকারের ভূমি বিষয়ক অর্জন নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন তুলে ধরা হয়।
প্রতিবেদনে জানানো হয়, ভূমিসেবা এক ছাতার নিচে আনতে ২০২৫ সালের জানুয়ারি থেকে ‘land.gov.bd’ নামে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। ল্যান্ড সার্ভিস গেটওয়ে (এলএসজি) ব্যবহারের মাধ্যমে নাগরিকরা এখন একটিমাত্র লগইনেই মিউটেশন, ভূমি কর প্রদান ও ম্যাপসহ সব ধরনের ভূমিসেবা পাচ্ছেন।
এছাড়া ই-মিউটেশন ২.১ ভার্সন চালুর ফলে জমি কেনাবেচার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে হোল্ডিং তৈরি হচ্ছে। এতে তথ্য গোপন করে একই জমি একাধিকবার বিক্রির মতো জালিয়াতি পুরোপুরি বন্ধ হয়েছে বলে জানানো হয়।
নতুন ব্যবস্থায় নাগরিকদের ভূমি অফিসে বারবার যেতে হচ্ছে না। শুনানির জন্য এখন মাত্র একবার অফিসে উপস্থিত হলেই সেবা সম্পন্ন হচ্ছে, যা সময় ও খরচ উভয়ই সাশ্রয় করছে।











