ডেস্ক রিপোর্টঃ
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আজ অর্থবছর ২০২৬–২৭-এর প্রস্তাবিত জাতীয় বাজেট এবং ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) বিকেল প্রায় ২টা ৪৫ মিনিটে জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সে তাঁর কার্যালয়ে বাজেট দলিলে স্বাক্ষরের মাধ্যমে এ অনুমোদন সম্পন্ন হয়। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেটটি অনুমোদন দেওয়া হয়।
প্রস্তাবিত ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্ববৃহৎ বাজেট হিসেবে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আব্দুর রহমান খানসহ রাষ্ট্রপতির কার্যালয় ও অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাজেট অনুমোদনের এই আনুষ্ঠানিকতার মাধ্যমে এখন তা জাতীয় সংসদে উপস্থাপনের পথ সুগম হলো। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন বাজেট দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং রাজস্ব আহরণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।











