ডিপ্লোম্যাটিক ডেস্ক:
বঙ্গোপসাগরীয় বহুখাতভিত্তিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ (BIMSTEC)-এর উদ্যোগে সোমবার (৮ জুন ২০২৬) সন্ধ্যায় রাজধানী ঢাকায় বিমস্টেক-এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জাতীয় দৈনিক ঢাকা ডায়লগ-এর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ সজীবুল-আল-রাজীব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি। তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। “বাংলাদেশ ফার্স্ট” নীতির আলোকে সরকার জাতীয় উন্নয়নকে এগিয়ে নেওয়ার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌম সমতা এবং শান্তিপূর্ণ প্রতিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন, প্রায় তিন দশকের পথচলায় বিমসটেক দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে একটি অনন্য সেতুবন্ধনে পরিণত হয়েছে, যা ১৮০ কোটিরও বেশি মানুষের প্রতিনিধিত্ব করে। তিনি বলেন, “বাংলাদেশ বর্তমানে বিমসটেকের চেয়ার হিসেবে সংগঠনটির প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণ ও কৌশলগত পরিকল্পনায় সক্রিয় নেতৃত্ব দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেন বিমসটেকের মহাসচিব ইন্দ্র মণি পান্ডে। মহাসচিব বলেন, বিমসটেকের চার্টার এবং ব্যাংকক ভিশন-২০৩০ সংগঠনটির ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণ করেছে। বর্তমানে ১৮টি খাতে সহযোগিতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং বিভিন্ন যৌথ ওয়ার্কিং গ্রুপ, বিশেষজ্ঞ দল ও উপদল এসব কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে।
তিনি বলেন, “বিমসটেক তার মূল লক্ষ্য—প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতার ওপরই গুরুত্ব দিয়েছে এবং রাজনৈতিক বিষয়গুলোকে এজেন্ডার বাইরে রেখেছে। ফলে এটি দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার একটি উজ্জ্বল উদাহরণে পরিণত হয়েছে।”








দৈনিক ঢাকা ডায়লগ-এর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ সজীবুল-আল-রাজীব উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিকদের সাথে সৌজন্য বিনিময় করেন।


অনুষ্ঠানে বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের মন্ত্রী, রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, উন্নয়ন সহযোগী, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে কেক কাটার মাধ্যমে উদযাপন করা হয়। এ সময় বিমস্টেক এর দেশগুলির বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা করা হয়।











