June 8, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • ঢাকায় ইতালির ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী দিবস উদযাপন অনুষ্ঠানে ইতালি দূতাবাস এর আমন্ত্রণে ‘দৈনিক ঢাকা ডায়লগ’ সম্পাদকের অংশগ্রহণ

ঢাকায় ইতালির ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী দিবস উদযাপন অনুষ্ঠানে ইতালি দূতাবাস এর আমন্ত্রণে ‘দৈনিক ঢাকা ডায়লগ’ সম্পাদকের অংশগ্রহণ

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

ঢাকাস্থ ইতালির দূতাবাসের উদ্যোগে রবিবার (৭ জুন, ২০২৬) সন্ধ্যায় রাজধানী ঢাকায় ইতালিয়ান প্রজাতন্ত্রের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য কূটনৈতিক সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জাতীয় দৈনিক দৈনিক ঢাকা ডায়লগ-এর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ সজীবুল-আল-রাজীব।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি ঢাকাস্থ ইতালি দূতাবাস এবং ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের আয়োজন দুই দেশের পারস্পরিক সম্পর্ক, কূটনৈতিক সৌহার্দ্য ও সাংস্কৃতিক বিনিময়কে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ ও ইতালির ঐতিহাসিক বন্ধুত্ব ও সংহতিকে গভীরভাবে মূল্যায়ন করে।

স্বাগত বক্তব্যে বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো ১৯৪৬ সালের ২ জুন অনুষ্ঠিত ঐতিহাসিক গণভোটের কথা স্মরণ করেন, যার মাধ্যমে ইতালি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গ্রহণ করে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে।

তিনি বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন অগ্রগতির প্রশংসা করে বলেন, দেশের আধুনিকায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির যাত্রায় ইতালি সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী। বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন, বিমান চলাচল, প্রতিরক্ষা শিল্প, স্যাটেলাইট প্রযুক্তি, দুর্যোগ প্রস্তুতি, সাংস্কৃতিক বিনিময় এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ-ইতালি বাণিজ্য সম্পর্ক জোরদারের লক্ষ্যে ‘বাংলাদেশি ইতালি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিআইসিসিআই)’ প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। ইতালীয় দূতাবাসের পৃষ্ঠপোষকতায় ইতালীয় ও বাংলাদেশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উদ্যোগে গঠিত এই সংগঠন দুই দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে নতুন ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে খ্যাতনামা ইতালীয় শেফ ক্রিস্টিয়ানো ভারোজ্জো অতিথিদের জন্য ঐতিহ্যবাহী ইতালীয় খাবার পরিবেশন করেন।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Scroll to Top