ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল বৃহস্পতিবার (৪ জুন, ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় তথ্যমন্ত্রী সরকারের জনকল্যাণমুখী বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ সামাজিক সুরক্ষা ও সহায়তামূলক কর্মসূচিগুলো সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মন্ত্রী আরও বলেন, বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের কারণে ভুল তথ্য ও অপতথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে, যা সমাজ ও রাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, দায়িত্বশীল তথ্য প্রচার এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।











