ঢাকা-১১ উন্নয়নে কল্যাণমুখী রাজনীতির প্রতিশ্রুতি নাহিদ ইসলামের


নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা-১১ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী মোঃ নাহিদ ইসলামের বিশাল নির্বাচনী জনসভা বিপুল জনসমাগমের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানীর বাড্ডা ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে আয়োজিত এ জনসভা জনসমুদ্রে পরিণত হয়।

সকাল থেকেই রামপুরা, বাড্ডা ও ভাটারার বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ, সমর্থক ও নেতাকর্মীরা দলে দলে মাঠে এসে জড়ো হতে থাকেন। পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। সবার কণ্ঠে শোনা যায় শাপলা কলির স্লোগান, প্রকাশ পায় বিজয়ের দৃঢ় প্রত্যয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি তার বক্তব্যে আগামীর বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মের হাতে নেতৃত্ব ও দায়িত্ব তুলে দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

জনসভার সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী মোঃ নাহিদ ইসলাম। বক্তব্যে তিনি ঢাকা-১১ আসনের সার্বিক উন্নয়ন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং তরুণ প্রজন্মের জন্য মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে জবাবদিহিমূলক ও কল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠাই হবে তার সর্বোচ্চ অগ্রাধিকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমীর মাওলানা মামুনুল হক এবং জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা-১১ আসনের নির্বাচন পরিচালক মাওলানা মোঃ কুতুব উদ্দিন ও নাহিদ ইসলামের প্রধান নির্বাচনী এজেন্ট মুজাহিদুল ইসলাম শাহিন।
এছাড়াও জনসভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমানসহ এগারো দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।











