গণঅভ্যুত্থানে আহতদের জন্য বিএনপির ঈদ উপহার


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পবিত্র ঈদুল ফিতরের দিনে চব্বিশের গণঅভ্যুত্থানে আহতদের মাঝে ঈদের উপহার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে রাজধানীর জাতীয় পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১৬০ জন যোদ্ধার মাঝে এই উপহার বিতরণ করা হয়।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব)-এর নেতৃবৃন্দ দুটি হাসপাতালে পৃথকভাবে উপস্থিত থেকে আহতদের হাতে ঈদ উপহার তুলে দেন।
উপহার বিতরণকালে জুলাই গণঅভ্যুত্থানে আহতরা ও তাদের পরিবারের সদস্যরা বিএনপি নেতৃবৃন্দকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিএনপি নেতৃবৃন্দের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থনের কথা জানান।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আহতদের পাশে দাঁড়ানোর এ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ঈদুল ফিতরের দিনে এই আয়োজন আহতদের জন্য সামান্য আনন্দ বয়ে আনতে পেরেছে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।











