ঢাকায় ইতালির বিখ্যাত অপেরা ‘দ্য বারবার অব সেভিল’-এর নৃত্যনাট্য পরিবেশনা, এবার চট্টগ্রামে আর্টেমিস ডানজা


বাংলাদেশ ও ইতালির মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং শিল্প-সংস্কৃতির বন্ধন আরও জোরদারের লক্ষ্যে রাজধানী ঢাকায় পরিবেশিত হয়েছে ইতালির বিখ্যাত অপেরা ‘দ্য বারবার অব সেভিল’-এর সমসাময়িক নৃত্যনাট্য। ইতালীয় নৃত্যদল আর্টেমিস ডানজা (Artemis Danza) এই পরিবেশনার মাধ্যমে বিশ্বখ্যাত সুরকার জিওআকিনো রসিনির (Gioachino Rossini) কালজয়ী সৃষ্টিকে নতুন আঙ্গিকে দর্শকদের সামনে তুলে ধরে। ঢাকার পর এবার দলটি চট্টগ্রামে তাদের পরিবেশনা নিয়ে যাচ্ছে।
![]() |
![]() |
![]() |
![]() |
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এই বিশেষ নৃত্য পরিবেশনা অনুষ্ঠিত হয়। ইতালির খ্যাতনামা কোরিওগ্রাফার মনিকা কাসাদেইয়ের (Monica Casadei) নেতৃত্বে আর্টেমিস ডানজা দলটি ঐতিহ্যবাহী ইতালীয় অপেরার সংগীতের সঙ্গে আধুনিক নৃত্যশৈলীর সমন্বয়ে এক ব্যতিক্রমী সাংস্কৃতিক আয়োজন উপহার দেয়।

অনুষ্ঠানটি কেবল নৃত্য পরিবেশনার মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং বাংলাদেশের তরুণ নৃত্যশিল্পীদের সঙ্গে আন্তর্জাতিক শিল্পীদের অভিজ্ঞতা বিনিময়েরও সুযোগ তৈরি করে। ঢাকার তিনটি নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান—অবতার, কথকীয়া ও নৃত্যনন্দনের ১৫ জন শিক্ষার্থী আর্টেমিস ডানজার শিল্পীদের পরিচালনায় বিশেষ মাস্টারক্লাসে অংশ নেয়। পরবর্তী সময়ে তারা মূল পরিবেশনায় ইতালীয় শিল্পীদের সঙ্গে মঞ্চেও অংশগ্রহণ করে।

প্রকাশভঙ্গিমায় বৈচিত্র্য, গতিশীল কোরিওগ্রাফি এবং রসিনির স্মরণীয় সংগীতের মেলবন্ধনে পরিবেশনাটি ইতালির সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও সমসাময়িক শিল্পচর্চার এক অনন্য সংযোগ তৈরি করে। এর মধ্য দিয়ে দুই দেশের শিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৃজনশীল সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনাও উন্মোচিত হয়।

এই সাংস্কৃতিক উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করেছে ইতালির সংস্কৃতি মন্ত্রণালয়, পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় (MAECI) এবং এমিলিয়া-রোমানিয়া অঞ্চলীয় প্রশাসন।
অনুষ্ঠানটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আয়োজনের সুযোগ করে দেওয়ায় বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছে আয়োজকরা। অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম উপস্থিত ছিলেন এবং তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্যের মাধ্যমে আয়োজনটির গুরুত্ব তুলে ধরেন।















