ঐতিহাসিক শোলাকিয়ার উন্নয়নে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ, ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের ২০০ বছর পূর্তি উপলক্ষে মাঠের সার্বিক সুবিধা বৃদ্ধি ও আধুনিকায়নে ১৭ কোটি টাকার সমন্বিত উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে সরকার। এরই অংশ হিসেবে রোববার (১৬ আগস্ট) ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৬ আগস্ট, ২০২৬) সন্ধ্যায় শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
![]() |
![]() |
![]() |
![]() |
প্রধানমন্ত্রী বলেন, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে প্রতি ঈদে লাখ লাখ মানুষ নামাজ আদায় করতে আসেন। আগামীতে এই মাঠে ২০০তম জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বিশেষ উপলক্ষকে সামনে রেখে মাঠটির সার্বিক উন্নয়নে সরকার ১৭ কোটি টাকার একটি সমন্বিত প্রকল্প গ্রহণ করেছে।
তিনি জানান, প্রকল্প বাস্তবায়নের জন্য ইতোমধ্যে সরকারি তহবিল থেকে জেলা প্রশাসকের কাছে ৬ কোটি টাকা হস্তান্তর করা হয়েছে। খুব শিগগিরই উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
প্রকল্পের আওতায় শোলাকিয়া ঈদগাহ ময়দানের প্রয়োজনীয় অবকাঠামো ও নাগরিক সুবিধা বৃদ্ধির পাশাপাশি মাঠটির সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনার আধুনিকায়ন করা হবে।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। তাঁকে এক নজর দেখতে এবং বক্তব্য শুনতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ শোলাকিয়া ঈদগাহ ময়দানে সমবেত হন। প্রধানমন্ত্রীর উপস্থিতিকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
এর আগে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ জেলা ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন এবং উপস্থিত জনসাধারণের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন।















