গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৩ হাজার কোটি টাকার সুকুক ইস্যু করবে বাংলাদেশ ব্যাংক


অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অর্থায়নের লক্ষ্যে ৩ হাজার কোটি টাকা অভিহিত মূল্যের বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক (Short Term BGIS) ইস্যু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ১৮২ দিন মেয়াদি এ সুকুকের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১ ডিসেম্বর ২০২৬, মঙ্গলবার।
বাংলাদেশ ব্যাংকের নিজস্ব সফটওয়্যার Shariah Securities Module (SSM)-এর মাধ্যমে এ নিলাম পরিচালিত হবে। ইতোমধ্যে সুকুক ইস্যুর লক্ষ্যে প্রণীত প্রসপেক্টাস ও শরীয়াহ ঘোষণা সংক্রান্ত দলিলপত্র কেন্দ্রীয় ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অধীন গঠিত শরীয়াহ অ্যাডভাইজরি কমিটির অনুমোদনক্রমে চূড়ান্ত করা হয়েছে।
প্রসপেক্টাস অনুযায়ী, ইজারা (Ijara) পদ্ধতিতে ৩ হাজার কোটি টাকা অভিহিত মূল্যের সুকুক ইস্যু করা হবে। এর মেয়াদপূর্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২ জুন ২০২৭। বিনিয়োগকারীরা এ সুকুকে বিনিয়োগের বিপরীতে ১৮২ দিনের জন্য মোট ১১২ কোটি ১৯ লাখ টাকা ভাড়া বা রিটার্ন পাবেন। বার্ষিক রিটার্নের হার নির্ধারণ করা হয়েছে ৭.৫০ শতাংশ, যা মেয়াদপূর্তিতে এককালীন পরিশোধ করা হবে।
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি অথবা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব রয়েছে—এমন সব ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি সরাসরি এ নিলামে অংশ নিতে পারবে। পাশাপাশি দেশি-বিদেশি ব্যক্তি বিনিয়োগকারী, করপোরেট প্রতিষ্ঠান, ইনভেস্টমেন্ট কোম্পানি, বীমা কোম্পানি, প্রভিডেন্ট ফান্ড ও ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ডের বিনিয়োগকারীরাও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি বা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব রয়েছে—এমন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিলামে অংশগ্রহণ করতে পারবেন।
বিনিয়োগকারীরা ১০ হাজার টাকার গুণিতক পরিমাণে সুকুক কেনার জন্য আগামী ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত Shariah Securities Module (SSM)-এ নিজ নিজ Sukuk Investor (SI) ID-এর বিপরীতে অনলাইনে বিড দাখিল করতে পারবেন।
নতুন বিনিয়োগকারীদের আগামী ২৯ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে Sukuk Investor ID (SIID) খোলার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নিলামে সফল বিডারদের অনুকূলে বরাদ্দকৃত সুকুকের পরিমাণ একই দিন বিকেল ৩টায় সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের নিজ নিজ আইডিতে পাওয়া যাবে।











