২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য বাংলাদেশের: অর্থমন্ত্রী


বাংলাদেশের অর্থনীতিতে ঋণের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে রাজস্ব আয় বৃদ্ধি, আর্থিক খাতের সংস্কার এবং ঋণের অর্থ উৎপাদনশীল ও উচ্চ মুনাফাসম্পন্ন প্রকল্পে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, একটি দেশের অর্থনীতির জন্য কত ঋণ নেওয়া হলো, সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়; বরং নেওয়া ঋণ কতটা কার্যকরভাবে কাজে লাগানো হলো, সেটিই আসল বিষয়।
রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারে অনুষ্ঠিত International Debt Conference Bangladesh 2026-এ দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থ বিভাগের উদ্যোগে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় আয়োজিত দুই দিনব্যাপী এই সম্মেলনে সরকারি ঋণ ব্যবস্থাপনা, বৈশ্বিক পুঁজিবাজারে প্রবেশ, স্থানীয় বন্ড মার্কেটের উন্নয়ন এবং বাংলাদেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, ২০২৪ সালের আগস্টে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের সময় অর্থনীতিতে ঋণের ভারী বোঝা, উচ্চ সুদব্যয়, দুর্বল বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের বাজেট ঘাটতি অর্থায়নের মতো নানা চ্যালেঞ্জ বিদ্যমান ছিল। দ্রুত ঋণ বৃদ্ধি এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ নিয়ে বাজেট ঘাটতি পূরণের কারণে মূল্যস্ফীতির চাপও বেড়েছিল। একই সঙ্গে বিদ্যুৎ ও সার খাতের ভর্তুকি এবং জ্বালানি আমদানিতে বিপুল পরিমাণ বকেয়া রেখে যাওয়া হয়েছিল।
তিনি জানান, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় ১৮ লাখ ৮৯ হাজার কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩৬ শতাংশ। ২০২২ সালের জুনে সরকারি ঋণের পরিমাণ ছিল ১৩ লাখ ৪৪ হাজার কোটি টাকা। অর্থাৎ মাত্র দুই বছরে সরকারি ঋণ বেড়েছিল প্রায় ৫ লাখ ৪৫ হাজার কোটি টাকা। সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে দেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণও প্রায় ১০৪ বিলিয়ন ডলারে পৌঁছেছিল।
অর্থমন্ত্রীর উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২২ সালের জুনে বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের নেওয়া ঋণের পরিমাণ ছিল ৭৩০ কোটি টাকা, যা ২০২৪ সালের জুনে বেড়ে দাঁড়ায় ৫৬ হাজার ৭৫০ কোটি টাকায়। এর ফলে মূল্যস্ফীতির ওপর বাড়তি চাপ তৈরি হয়। ২০২৩-২৪ অর্থবছরে সরকারের সুদ পরিশোধের ব্যয় এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। একই সময়ে বৈদেশিক ঋণের সুদ পরিশোধের ব্যয় ২০২১-২২ অর্থবছরের তুলনায় তিন গুণেরও বেশি বৃদ্ধি পায়। ২০২৩-২৪ অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধের পরিমাণ দাঁড়ায় ৩ দশমিক ৪ বিলিয়ন ডলার।
তিনি আরও বলেন, ২০২১ সালের আগস্টে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৪৮ বিলিয়ন ডলার থাকলেও ২০২৪ সালের ৩১ জুলাই আইএমএফের বিপিএম৬ হিসাব পদ্ধতি অনুযায়ী তা কমে প্রায় ২০ দশমিক ৫ বিলিয়ন ডলারে নেমে আসে। পাশাপাশি বিদ্যুৎ ও সার খাতে প্রায় ৪০ হাজার কোটি টাকা ভর্তুকির বকেয়া এবং জ্বালানি আমদানিতে প্রায় ২ দশমিক ৫ বিলিয়ন ডলার অপরিশোধিত দায় ছিল। দুর্বল ও উচ্চ খেলাপি ঋণনির্ভর ব্যাংকিং খাত সরকারি-বেসরকারি বিনিয়োগের গতি কমিয়ে দিয়েছিল এবং ঋণের ব্যয় বাড়িয়েছিল।
বর্তমান সরকারের সময়ে অর্থনীতির বিভিন্ন সূচকে ইতিবাচক পরিবর্তনের কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, বাজেট ঘাটতি পূরণে বাংলাদেশ ব্যাংকের ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। ২০২৪ সালের জুনে কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের নেওয়া ঋণ ৫৬ হাজার ৭৫০ কোটি টাকা থাকলেও ২০২৬ সালের জুনে তা কমে মাত্র ৪৮২ কোটি টাকায় নেমে এসেছে। একই সময়ে আইএমএফের হিসাব অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের বেশি হয়েছে।
ঋণের ব্যয় কমার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ৯১ দিনের ট্রেজারি বিলের সুদের হার ২০২৫ সালের জুনে প্রায় ১২ শতাংশ থাকলেও ২০২৬ সালের জুনে তা ১০ শতাংশের নিচে নেমে আসে। বর্তমানে এই হার ৮ থেকে ৯ শতাংশের মধ্যে রয়েছে। সরকার এখন মূলত দীর্ঘমেয়াদি বন্ড ও সুকুকের মাধ্যমে ঋণ গ্রহণ বাড়ানোর উদ্যোগ নিয়েছে, যাতে ঋণ পরিশোধের ঝুঁকি কমিয়ে আনা যায়।
ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধির লক্ষ্যে ডেট রিপোর্ট প্রকাশ, প্রাইমারি ডিলার ব্যবস্থার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক বন্ড সূচকে বাংলাদেশের স্থানীয় বন্ড অন্তর্ভুক্তির বিষয়টিও তুলে ধরেন অর্থমন্ত্রী। তবে অতীতের নেওয়া ঋণের পরিশোধের চাপ এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে উল্লেখ করে তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ ৪ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে এবং ২০২৯-৩০ অর্থবছরে তা প্রায় ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারে উন্নীত হতে পারে।
ঋণের টেকসই ব্যবস্থাপনার জন্য রাজস্ব আয় বাড়ানোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার হিসেবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, করের আওতা সম্প্রসারণ, অযৌক্তিক কর অব্যাহতি কমানো এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) ও আয়কর ব্যবস্থার ডিজিটালাইজেশন করতে হবে। একই সঙ্গে ব্যাংকিং ও আর্থিক খাতের সংস্কার, সরকারি ব্যাংকগুলোর পুনঃমূলধনীকরণ এবং পুরো ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার ও বাংলাদেশ ব্যাংক কাজ করছে।
তিনি বলেন, ঋণ গ্রহণের ক্ষেত্রে ব্যয়বহুল স্বল্পমেয়াদি ঋণের পরিবর্তে কম সুদের দীর্ঘমেয়াদি ও সহজ শর্তের ঋণকে অগ্রাধিকার দিতে হবে। কোনো অবস্থাতেই বাজেট ঘাটতি পূরণে টাকা ছাপানোর ওপর নির্ভর করা যাবে না। এ ছাড়া সরকারের প্রথম বার্ষিক ঋণ গ্রহণ পরিকল্পনা (Annual Borrowing Plan) এবং নতুন মধ্যমেয়াদি ঋণ কৌশল (Medium-Term Debt Strategy) প্রকাশের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে বিনিয়োগকারী ও আর্থিক বাজার আগাম সরকারের ঋণ পরিকল্পনা সম্পর্কে ধারণা পায়।
উন্নয়ন প্রকল্পে ঋণের অর্থ ব্যবহারের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, প্রতিটি প্রকল্পের অর্থনৈতিক সম্ভাব্যতা ও প্রত্যাশিত রিটার্ন যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। উচ্চ প্রবৃদ্ধি ও অধিক অর্থনৈতিক সুফল বয়ে আনতে সক্ষম প্রকল্পে অর্থায়ন নিশ্চিত করার পাশাপাশি চলমান প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে হবে। একই সঙ্গে স্থানীয় বন্ড মার্কেটের পরিধি বাড়িয়ে পেনশন ফান্ড, বিমা কোম্পানি ও বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ উৎসাহিত করতে হবে।
সরকারি ঋণের পাশাপাশি সম্ভাব্য আর্থিক দায় বা কন্টিনজেন্ট লায়াবিলিটি নিয়ন্ত্রণের ওপরও গুরুত্ব দেন তিনি। এ ক্ষেত্রে ভর্তুকির বকেয়া পরিশোধ, সরকারি গ্যারান্টি প্রদানের ক্ষেত্রে সীমা নির্ধারণ ও ফি আরোপ এবং গ্যারান্টির পূর্ণাঙ্গ তালিকা ও ফিসকাল রিস্ক স্টেটমেন্ট প্রকাশের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি একটি সমন্বিত ডেট ম্যানেজমেন্ট অফিস (DMO) প্রতিষ্ঠা এবং আধুনিক ও সময়োপযোগী পাবলিক ডেট অ্যাক্ট প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনের লক্ষ্য ও আলোচ্য বিষয় সম্পর্কে তিনি বলেন, সার্বভৌম ঋণ ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশে এটিই প্রথম আন্তর্জাতিক সম্মেলন। এতে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), এডিবি এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। সম্মেলনে উচ্চ সুদের বৈশ্বিক পরিবেশে ঋণ গ্রহণ, স্থানীয় বন্ড মার্কেট, সুকুক, বেসরকারি বিনিয়োগ, ঋণঝুঁকি মূল্যায়ন, ডেট ম্যানেজমেন্ট অফিস এবং গ্রিন বন্ড ও ইউরোবন্ডের মতো নতুন আর্থিক উপকরণ নিয়ে আলোচনা হচ্ছে।
অর্থমন্ত্রী জানান, আন্তর্জাতিক পুঁজিবাজারে বাংলাদেশের প্রবেশ সহজ করতে উপযুক্ত সময়ে মার্কিন ডলারে ইউরোবন্ড, সুকুক, জাপানি ইয়েনভিত্তিক সামুরাই বন্ড এবং চীনা ইউয়ানভিত্তিক পান্ডা বন্ড ইস্যুর সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের পুঁজিবাজার আরও সহজলভ্য করতে জে.পি. মরগ্যানের GBI-EM Edge সূচকের সুযোগ কাজে লাগানো এবং আন্তর্জাতিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থার সঙ্গে Euroclear ও Clearstream-এর সংযোগ স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদি ও বড় বিনিয়োগের অর্থায়নে শুধু ব্যাংকনির্ভরতা কমিয়ে পুঁজিবাজারের ভূমিকা বাড়াতে হবে। এ জন্য ব্যাংক ও পুঁজিবাজারের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করা প্রয়োজন। পাশাপাশি সুকুক, গ্রিন বন্ড ও ব্লু বন্ডের মতো উদ্ভাবনী আর্থিক উপকরণের ব্যবহার সম্প্রসারণ করে বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি করতে হবে।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত হওয়া এবং ২০২৯ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে মসৃণ উত্তরণ নিশ্চিত করা। এ লক্ষ্য অর্জনে ঋণ ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আর্থিক খাতের সংস্কার, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং আন্তর্জাতিক পুঁজিবাজারের সঙ্গে কার্যকর সংযোগ গড়ে তোলা জরুরি। সম্মেলন থেকে এসব বিষয়ে বাস্তবসম্মত নীতিগত সুপারিশ পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি পুনর্ব্যক্ত করেন, বাংলাদেশের ঋণ ব্যবস্থাপনার মূল লক্ষ্য শুধু ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করা নয়; বরং ঋণের অর্থ এমনভাবে ব্যবহার করা, যাতে তা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিনিয়োগ, কর্মসংস্থান ও দীর্ঘমেয়াদি আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে পারে।











