পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান


রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে তিনি এ বিষয়ে গুরুত্ব দেন।
সভায় রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে গঠিত কমিটির কাজের সর্বশেষ অগ্রগতি, এ পর্যন্ত বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগ এবং চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।
এ সময় রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক ও কার্যকর করা, সড়ক ও জনপরিসর পরিচ্ছন্ন রাখা এবং নগরবাসীর জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ও কার্যকর সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











