সারাদেশে ৩৩ হাজারের বেশি মণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: আইজিপি


সারাদেশে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির, বিপিএম। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে। প্রতিমা বিসর্জন পর্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে দুর্গাপূজা উদযাপিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি এসব কথা বলেন।
আইজিপি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কিছু মানুষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এ বিষয়ে জনগণকে সচেতন থাকতে হবে এবং কোনো ধরনের গুজবে কান দেওয়া যাবে না। দেবী দুর্গার মতোই অশুভ শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ পুলিশের কার্যক্রম প্রসঙ্গে মোঃ আলী হোসেন ফকির বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে পাঁচ থেকে সাত দিন পুলিশের কার্যক্রম কার্যত বন্ধ ছিল। সে সময় মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল এবং ছিনতাই, রাহাজানি, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। তবে সবার সহযোগিতায় বাংলাদেশ পুলিশ সেই পরিস্থিতি কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে।
এ সময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। তাঁরা বলেন, পুলিশ প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করায় সনাতন ধর্মাবলম্বীরা নিরাপদে ও নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারছেন।
পরিদর্শনকালে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।











